নতুন বছরে তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

৩০ ডিসেম্বর, ২০১৯ ১২:০০  
নতুন বছরেই তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। আর নতুন সাবমেরিন ক্যাবলের জন্য গঠিত সি-মি-উই ৬ কনসোর্টিয়ামের ক্যাবল বসাতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে যক্তরাষ্ট্রের সাবকম, জাপানের এনইসি, ফ্রান্সের অ্যালকাটেল ও চীনের ওয়াই মেরিন। এই কনসোর্টিয়ামের মাধ্যমেই তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হবে বাংলাদেশ। সূত্রমতে, আগামী ৬ ও ৭ জানুয়ারি সিঙ্গাপুরে কনসোর্টিয়ামের কাছে দরপত্র দাখিল করতে যাচ্ছে এই ৪ প্রতিষ্ঠান। দরপত্র মূল্যায়ন ও চূড়ান্তকরণ কার্যক্রমে অন্যান্য সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশের ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল। এর আগে চলতি বছরের ২৩ হতে ২৫ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত বৈঠকে দরপত্র ডকুমেন্ট চূড়ান্ত করে কনসোর্টিয়াম। এরপর নভেম্বরে এই কোম্পানিগুলোকে দরপত্র ডকুমেন্ট দেয়া হয়। সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৫টি অংশীজন ঠিক হয়েছে। এরমধ্যে চীনেরই আছে তিনটি কোম্পানি। শেষ পর্যন্ত এই সংখ্যাটি পাঁচে উন্নীত হতে পারে।